বিজিবির মানহানি মামলা: এনজিও নারী কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন ১৫ মার্চ

কক্সবাজারে যৌন নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে বিজিবির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলায় এনজিও নারী কর্মীর জামিন বহাল রাখা হয়েছে। একইসঙ্গে মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়েছে। ১৫ মার্চ চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) সাড়ে ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এই আদেশ দেন।

শুনানিতে অংশ নেন বাদী ও আসামিপক্ষের আইজীবীরা। আদালত কক্ষ থেকে বের হয়ে উভয়পক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজিবির প্রধান আইনজীবী সাজ্জাদুল করিম জানান, ১১ মার্চ মামলার চার্জ গঠনের তারিখ ছিল। তবে আদালত চার্জ গঠনের তারিখ পিছিয়ে ১৫ মার্চ নির্ধারণ করেছেন।

আসামি এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবী আবদুশুক্কুর জানান, আসামির জামিন বহাল রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বহাল রেখেছেন আদালত। একইসঙ্গে মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জ গঠনের তারিখ পিছিয়ে ১৫ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করা হলেও মামলা থেকে অব্যাহত পাবো বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী এনজিওকর্মীকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই এনজিওকর্মী। এ সংবাদ কয়েকটি জাতীয় দৈনিকে প্রচারিত হলেও পরে প্রথমে যে দৈনিকটি প্রচার ও প্রকাশ করেছিল তারা দুঃখপ্রকাশ করে সংবাদটি প্রত্যাহার করে নেয়। বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু পরে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর ঘটনাটিকে মিথ্যা দাবি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বিজিবির নায়েব সুবেদার বাদী মোহাম্মদ আলি মোল্লা। মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় টেকনাফ থানা পুলিশ। ওইদিন চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আদালতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
ব্লাস্ট কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় বিচার ও নিরাপত্তা দাবি
কক্সবাজারে বিজিবির মামলায় নারী এনজিও কর্মীর বিরুদ্ধে সমন জারি