কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাই নিহতের ঘটনায় চাপা দেওয়া পিকআপটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আইনশৃঙ্খলার এ সংস্থার কক্সবাজারের পরিদর্শক এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (১ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিকআপ মালিকের নাম মাহামুদুল করিম (৪০)। তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার শামসুল আলমের ছেলে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপচালক সাইদুল ইসলাম সিফাতকে গ্রেফতার করে র্যাব। ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাইবোন মিলে শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় ওইদিন পাঁচ ভাই নিহত হন। আহত হন তাদের ভাই রক্তিম সুশীল ও বোন হীরা রানী সুশীল। গত ২২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রক্তিম সুশীলও মারা যান।
এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক বলেন, ‘চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় ভাই নিহতের মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের পর পিকআপ মালিকের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার রাতে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় পিকআপ মালিক মাহামুদুল করিম অবস্থান করছে বলে পুলিশ খবর পায়। এরপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সটকে পড়ে। পরে মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’