চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানা মেসার্স এস এন করপোরেশন ইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক।
রবিবার (৮ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসক রাকিব হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম রফিকুল ইসলামসহ পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদফতর, সীতাকুণ্ড থানার ওসিসহ বিভিন্ন সংস্থার সাত জনকে।
এর আগে, শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার এস এন করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিপইয়ার্ডে আগুন ধরে যায়। এতে আহত ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।
আরও পড়ুন: