চট্টগ্রামের মীরসরাইয়ে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় নুরুল আলমের পোল্টি খামারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুই হাজার সেটের মুরগির খামারে প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগ করেছেন খামারি নুরুল আলম। সম্প্রতি স্থানীয় একজনের সঙ্গে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল। এটি অমানবিক কাজ। শক্রতা থাকতে পারে। কিন্তু এভাবে মুরগি মেরে ফেলা ঠিক হয়নি।’
খামারের মালিক নুরুল আলম বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। পরিবারের ছয় সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিল পোল্ট্রি খামারটি। খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়ায় থাকতেন। তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। তিনি বাসা ছাড়েননি। কয়েকবার ঝগড়া হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়। ধারণা করছি, তিনি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। আমার ২০০টি মুরগিকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছি।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘পোল্ট্রি খামারে অ্যাসিড মেরে মুরগি মেরে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’