শিপইয়ার্ডে দুর্ঘটনা: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চিরবিদায় পলাশের

এক বছর আগে বিয়ে করেছিলেন পলাশ দাস (৩৫)। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছিলেন তিনি ও তার স্ত্রী ভূমিকা দাস। স্ত্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আর মাত্র কিছু দিন পরই তাদের ঘর আলো করে আসার কথা সন্তানের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মারা যান পলাশ।

পলাশ দাস সীতাকুণ্ডের ভাটিয়ারী সুনিঠাকুর জেলে পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার নরেন্দ্র দাসের ছেলে। পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ওয়েল্ডার হিসেবে কাজ করছিলেন। বছরের পর বছর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও পরিবারের মুখে হাসি ফোটাতেই কর্মস্থলে ছুটে যেতেন প্রতিদিন।

পলাশের ছোট ভাই শুভ দাস বাংলা ট্রিবিউনকে বলেন, গত বছরের ১০ ডিসেম্বর পলাশের সঙ্গে স্থানীয় ভূমিকা দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। স্ত্রী ভূমিকা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানকে ঘিরে ছিল তাদের নানা পরিকল্পনা। কিন্তু একটি বিস্ফোরণ মুহূর্তেই সেই স্বপ্ন, সংসারকে তছনছ করে দিয়েছে।

পলাশের ভাই শুভ দাস আরও জানান, তিনি চুল কাটার কাজ করেন। শুক্রবার সকালে দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, শিপইয়ার্ডের দরজা বন্ধ করে রাখা হয়েছে। পরে ৯৯৯-এ ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তিনি। এরপর ভাই পলাশকে নিয়ে চমেক হাসপাতালে যান। চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

পলাশের বন্ধু দিলীপ দাসের অভিযোগ, শিপইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তিনি বলেন, এই ইয়ার্ডে নিরাপত্তা বলতে কিছুই ছিল না। ছিল মাত্র হেলমেট আর জুতা। কোনও অ্যাম্বুলেন্সও ছিল না।

পলাশের মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা দাস। 

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।