খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলুর রহমান (৫০) নামে সিআইডির এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। ফজলুর রহমানের মেয়ে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানান, নিহত ফজলুর রহমান সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ট্রাকের চাপায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।