সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে ভারতের পুলিশে দিলো বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কোলাপাড়া আমজাদনগর সীমান্ত এলাকা থেকে সুজন (২৫) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্তের ২১৬৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে সুজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে সেখান থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি।

তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তার এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য দুপুরে সীমান্তের কাছে গিয়েছিলেন সুজন। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। ওই ব্যক্তিরাই তাকে বিএসএফের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে বিজিবি জেনেছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।