মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর কাচিকাটা থেকে হরিণা নৌ-সীমানায় বিশেষ অভিযান চালিয়েছে নৌপুলিশ। অভিযানে মোট ৪০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০টি জেলে নৌকা এবং ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
নৌ-পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৩৩ জন জেলেকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁদপুর নৌ-থানার ওসি মোহাম্মদ আজমগীর হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে নৌ-পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।