যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাতের আঁধারে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দা দিয়ে মাথায় আঘাত করে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গুরুতর আহত করা হয়। আহত এসআই মো. জাফর (৪০) টেকনাফ মডেল থানায় কর্মরত। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদরের গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। পরে সেখানে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা তৎপর হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোদার বিল এলাকায় নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুর আলমের নেতৃত্ব বের হওয়া মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দা দিয়ে আঘাত করে এক পুলিশ সদস্যকে আহত করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমান বলেন, রাত ১১টার দিকে আহত এক পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তার মাথায় গুরুতর জখম ছিল। ক্ষতস্থানে সেলাই করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে।

এদিকে, একই রাতে টেকনাফের সাবরাং, হোয়াইক্যং ও হ্নীলাসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিল বের করার খবর পাওয়া গেছে।

এর আগে সোমবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আটকের প্রতিবাদে মঙ্গলবার রাতেও বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।