বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা

প্রায় ১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বাক্‌প্রতিবন্ধী বড় বোন। পরে সন্তানেরও জন্ম দেন তিনি। এ ঘটনার ১৪ বছর পার হলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এর মধ্যেই ভুক্তভোগীর কিশোরী ছোট বোনকেও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আবার ধর্ষণের ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে অভিযুক্তরা।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চলতি বছর ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় গত সোমবার কবিরহাট থানায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা। পরে অভিযুক্ত এক যুবককে গত সোমবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে সে কারাগারে।

ওই কিশোরীর বয়স ১৭ বছর। তার বাবা দরিদ্র কৃষক। তার অভিযোগ, বিয়ের কথা বলে উপজেলার মো. শিপন (২২) নামের এক তরুণ কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর শিপনসহ তার সহযোগী সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) তার মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণের সময় অভিযুক্ত তিনজন ভিডিও ধারণ করে রেখেছিল। কাউকে কিছু বললে এসব ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে মেয়েকে হুমকি দেয়।

কিশোরীর বাবা জানান, ‌প্রায় এক মাস ধরে তিনি মেয়ের আচরণের পরিবর্তন লক্ষ্য করছিলেন। চলতি ২২ নভেম্বর মেয়েকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে বলে বিভিন্নজনের মাধ্যমে জানতে পারেন। পরে তিনি মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। এরপর এলাকার মানুষদের বিষয়টি জানিয়ে তিনি সহযোগিতা চান। পরে এলাকার লোকজন অভিযুক্ত শিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ২৩ নভেম্বর কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন কিশোরীর বাবা। মামলার প্রধান আসামি মো. শিপনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, তার চার মেয়ে ও দুই ছেলে। বড় দুই মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। বাকি দুই মেয়ের একজন (২৯) বাক্‌প্রতিবন্ধী। ২০১২ সালে তাকে ধর্ষণ করেন রাজীব হোসেন নামের এক যুবক। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তার মেয়ে তখন ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এরপর মেয়ের কাছ থেকে তার এক স্বজনের বিষয়ে জানতে পারেন তিনি। এরপর আদালতে মামলা করেন তিনি। সে ঘটনায় জন্ম নেওয়া ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে আছে।

কৃষক বাবা হতাশা প্রকাশ করে বলেন, এক মেয়েকে ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ চালাতে হয়েছে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন আরেক মেয়ে ধর্ষণের শিকার হলো। সামনের দিনগুলোতে কীভাবে মামলা পরিচালনা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‌কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার শিপন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়া আদালতে ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের ঘটনায় আসামির বিরুদ্ধে যদি সাজা পরোয়ানা থেকে থাকে এবং আসামি এলাকায় থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।