আগের দিনই বলেছিলাম, দেশে বড় ধরনের হামলা হবে: শামীম ওসমান

শামীম ওসমানসংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,গুলশানে জঙ্গি হামলার আগের দিনই পুলিশের একজন এএসপির সামনে আমি বলেছিলাম,দেশে বড় ধরনের কোনও হামলা হবে।যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, সেটাই ঘটবে। তার পরের দিনই গুলশানে হামলা হলো। আমি এমপি না হলে হয়তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতো। তিনি আরও বলেন,আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশে আরও বড় ঘটনা ঘটবে। বোমা ফাটবে, অনেক কিছুই ঘটবে। সেই ঘটনার সঙ্গে অনেক বড় বড় লোক জড়িত আছে।
সোমবার শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন। তার বক্তব্যের অডিও ইতোমধ্যে বাংলা ট্রিবিউনের কাছে এসে পৌঁছেছে।
শামীম ওসমান তার ২৬ মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধুর সঙ্গে ১৯৭৪ সালের স্মৃতিচারণ করেন। এর আগে (১৯৯৬-২০০১) সংসদ সদস্য থাকার সময়ে আড়াইহাজার উপজেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনুষ্ঠানে যোগদান ও বিভিন্ন বয়সী নারী -পুরুষ এবং শিশুদের সঙ্গে তার ( প্রধানমন্ত্রী) মিশে যাওয়ার ঘটনার কিছু বর্ণনা দেন।
বক্তব্যের শেষ দিকে শামীম ওসমান বলেন, আমার কেন জানি ভয় ভয় লাগে। বাংলাদেশের এখন সবাই আওয়ামী লীগার। আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখিই না। সবাই বলে আওয়ামী লীগ, সবাই বলে ছাত্রলীগ। ছোট বেলা থেকে ষড়যন্ত্র দেখে আসছি।

নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য আরও বলেন,বিএনপি জামায়াত নিয়ে আমরা চিন্তা করি না। আমি জানি আরও কিছু ঘটনা ঘটবে। তার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা প্রতিরোধ করারও চেষ্টা হচ্ছে। কারণ, ষড়যন্ত্রকারীরা বুঝেছে জনতার রায় নিয়ে কিছু করা যাবে না। খেলার মধ্যে বন্দুক হিসেবে ব্যবহার হবে বিএনপি। তবে তার বেনিফিট বিএনপি পাবে না। অন্য কেউ হয়তো বেনিফিশারি হতে চায় কিংবা নিতে পারে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা সিভিল সার্জন আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম,পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মো. নুরুল হুদা প্রমুখ।

/এমএসএম/এপিএইচ/আপ-এমও/