লকডাউনের মধ্যেও হঠাৎ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যান ও যাত্রীর সংখ্যা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানে ও পায়ে হেঁটে যাত্রীরা ঘাটে পৌঁছে পদ্মা পাড়ি দিয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
শুক্রবার (৯ জুলাই) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট গলে শতশত প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলকে ঘাটে আসতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের সংখ্যাও বেড়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কয়েকজন কর্মকর্তাও ঘাটে চাপ বাড়ার তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, নৌরুটে সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে নদী পারের অপেক্ষায় ছোট বড় মিলিয়ে সাড়ে তিনশ' যানবাহন রয়েছে। পায়ে হাঁটা যাত্রীরাও ভিড় করছেন।