চলমান নিষেধাজ্ঞা ফের জারি করলো বিআইডব্লিউটিসি

সরকার আরোপিত কঠোর লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া কোনও ধরনের যাত্রীবাহী পরিবহন ও ফেরিতে যাত্রী বহনের নিষেধাজ্ঞা চলমান থাকলেও একই নির্দেশনা ফের জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কেননা, নতুন করে নির্দেশনা জারির ফলে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলেও মানুষ ফের সচেতন হবে।

শুক্রবার (০৯ জুলাই) নিষেধাজ্ঞাটি ফের জারি করে বিআইডব্লিউটিসি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, লকডাউনের শুরু থেকেই আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী শুধু জরুরি পরিষেবার যানবাহন ফেরিতে পার করছি। কিন্তু আজ আবার যাত্রী ও যাত্রীবাহী গাড়ি ফেরিতে পারাপারের নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। আমার মনে হয়, নতুন করে ঘোষণা দিলে গণমাধ্যমে সেটি প্রচারিত হবে এবং সাধারণ যাত্রীরা সেটা আবার নতুন করে জানতে পারবে। এই উদ্দেশেই নতুন করে ঘোষণা দেওয়া হতে পারে।

এদিকে, শুক্রবার সকালে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বেড়েছে যান ও যাত্রীর চাপ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে শুরু করে। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট পেরিয়ে শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ঘাটে আসতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের সংখ্যাও বেশি ছিলো।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন দুপুর ৩টার দিকে জানান, ছোটবড় মিলিয়ে দেড় শতাধিক গাড়ি পারাপারের জন্য অপেক্ষায় আছে। কিন্তু সাধারণ যাত্রী নেই বললেই চলে।