মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ আসনে বিএনপি থেকে চারবার নির্বাচিত এই সংসদ সদস্য এবার প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে স্থান পেলেন। নবগঠিত মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রী হিসেবে সাখাওয়াত হোসেনকে শপথ নিতে দেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার এলাকার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।
সাখাওয়াত হোসেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের সরদার আসমত আলীর ছেলে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সরদার সাখাওয়াত হোসেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার প্রার্থী হয়েই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির (ষষ্ঠ জাতীয় সংসদ) নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই বছরের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সেনাপ্রধান নুর উদ্দিন খানের কাছে পরাজিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুর উদ্দিন খানকে পরাজিত করে তিনি আবার সংসদ সদস্য হন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সরদার সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার বলেন, সরদার সাখাওয়াত হোসেনের মন্ত্রিত্ব পাওয়ার খবরে মনোহরদী ও বেলাব উপজেলার ঘরে ঘরে খুশির জোয়ার বইছে। সবাই বলছেন, তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় এই জনপদের চিত্র পাল্টে যাবে—এমন আশা তাদের।