মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে লুট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ১২টি বসতঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হন। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।