মাদারীপুর শহরের শকুণি লেক এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে এ বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেও বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।