রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-১০। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১০ এর সহকারী পুলিশ সুপার তপন সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।