গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার

টানা চার দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের এসপি মোহাম্মদ জসীম উদ্দিন।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চার দিন শ্রমিকদের আন্দোলন চলেছে। তবে ধীরে ধীরে শ্রমিকেরা বুঝতে পারছেন, তাদের দাবিদাওয়া মেনে নেওয়ার বিষয়ে সরকার কাজ করছে। এ কারণে তারা আন্দোলনে আসতে আগ্রহী হচ্ছেন না।

তিনি আরও বলেন, বর্তমানে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা সমন্বয় করে কাজ করছেন।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে।