মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল বারীকে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী পরিবার জানায়, জিনের আছর হয়েছে ভেবে কিছুদিন আগে ইমাম সাহেবের শরণাপন্ন হন। অভিযুক্তের কাছ থেকে তাবিজ-কবজ নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা শ্রীনগর বাজারের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কিশোরী মা-বাবার সঙ্গে ইমামের বাড়িতে যান। একটি কক্ষে জিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেয়। এ সময় কিশোরীকে যৌন নির্যাতন করে।
পরে শ্রীনগর থানায় দেওয়া ভুক্তভোগীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত রেজাউল বাড়ি থেকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্ত গত কয়েকবছর থেকেই ‘জিনের আছর’ এর চিকিৎসা করে। অনেকেই তার যৌন নির্যাতনের স্বীকার হয়ে থাকবে। হয়তো সম্মানহানির ভয়ে কেউ অভিযোগ করে না।
এই বিষয়ে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা করেছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।