লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে একটি ট্রাককে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া দিয়ে আটক করা হয়েছে। পরে সংকেত অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে ট্রাকচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ছয় জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হলে চালক সেটি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাকটি আটক করা হয়।
ট্রাকচালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি তিনি ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেন। এসব অপরাধে আইন অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেল চালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।