দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। দুপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের সিএনবি বাজার এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল ৩টার দিকে হঠাৎ মিছিল নিয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকরা যানবাহন ভাঙচুর শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা সদর উপজেলার ভবানীপুর থেকে মিছিল শুরু করেন। ওই সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের যেসব পোশাক কারখানা রয়েছে ওসব কারখানার গেটে গিয়ে ইটপাটকেল ছোড়েন। এ অবস্থায় ৭০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এরপর বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরের নাওজোড়, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে নাওজোড় এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

৭০টি কারখানায় ছুটি ঘোষণা

সাধারণ ছুটি ঘোষণা দেওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের হোপলোন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২, জারমস ইন্ডাস্ট্রিস লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক্স, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স, সেটান-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, টি জে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএস সোয়েটার, লাকি স্টার গার্মেন্টস, এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, এইচ বি এস গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, এসকে ট্রীম গার্মেন্টস, ওরিয়েন্ট সোয়েটার, রিপন গার্মেন্টস, এ ই সি অ্যাপারেলস লিমিটেড, জি এবং ফ্যাশন লিমিটেড, কে এ ডিজাইন, নিউ আর জি, তোসুকা অ্যাপারেলস লিমিটেড, কটন ক্লোথিন বিডি লিমিটেড, মার্চস্টিস গার্মেন্টস, আজম ফুট, ইকো টেক্স লিমিটেড, মাসকো পিকাসু গার্মেন্টস, এন্টাস ডিজাইন লিমিটেড, টঙ্গী এলাকার কনচেপ্ট নিটিং লিমিটেড, মিম ফ্যাশন লিমিটেড, বারাকা ফ্যাশন লিমিটেড, বিল্লা ট্রেড লিমিটেড, ডি.এইচ গ্লোবাল লিমিটেড, নিট বাজার লিমিটেড, তামিসনা অ্যাপারেলস লিমিটেড, প্যানাজিয়া ফ্যাশনওয়্যার লিমিটেড, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের ফকিরা গার্মেন্টস, আরএমজি গার্মেন্টস, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস গার্মেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস, শ্রীপুরের এমএইচসি গার্মেন্টস, মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানা।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী. শিরিরচালা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

গাজীপুরের বাঘের বাজার এলাকায় দায়িত্বরত শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, ‌‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করেন শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’