মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখার গেটে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশে রাখা একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় এ ঘটনা ঘটে।
ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, বুধবার মধ্যরাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। তবে এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।
খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, ‘কেউ হয়তো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে আগুন লাগে নাই। তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’