সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে ইসহাক আলীকে গণভবনে ডেকে নেন সভানেত্রী শেখ হাসিনা। এ সময় ইসহাক আলীর সঙ্গে তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু, খসরুর স্ত্রী শাম্মি আক্তার ও নাতনি মাহিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসহাক আলী মাস্টার নিজেই।
ইসহাক আলী বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় ৪০ মিনিটের বেশি সময় কথা হয়। এ সময় বঙ্গবন্ধুর সঙ্গে কীভাবে দেখা হয়েছিল, সেসব কথা হয়। এ ছাড়াও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজ আসনে যেসব উন্নয়ন করেছেন সে বিষয়ও কথা হয়েছে।’
প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গিয়ে নজর কাড়েন কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টার। সেদিন প্রচণ্ড শীত উপেক্ষা করে লাঠিতে ভর করে আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হন তিনি। এরপর গত সোমবার (২৩ ডিসেম্বর) ইসহাক আলী মাস্টার বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপূর্ণ ইচ্ছার কথা জানান।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান শতবর্ষী ইসহাক আলী