বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি কলকাতার কালিয়ানগর এলাকার বাসিন্দা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি বলেন, গত ২২ আগস্ট স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশের বরিশালের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। ১২ দিন পর আজ ভারতে ফিরতে বেনাপোল এলে গাড়ি থেকে নামার পর পরই তিনি অসুস্থ হয়েন। স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দরে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দফতরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে এলে ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে লাশটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।