গ্রামীণ ব্যাংকে একের পর এক হামলা, ‘চাকরি ছাড়ার পরিকল্পনা’ কর্মকর্তা-কর্মচারীদের

যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। একের পর এক দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও হামলা শাখাগুলোর তেমন ক্ষয়ক্ষতি না হলেও এসব ঘটনায় আতঙ্কিত হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তবে এসব ঘটনায় একটিও মামলা করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করণে সব কেন্দ্রেই বসানো হচ্ছে সিসি ক্যামেরা। এসব ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। ব্যাংকটিতে থাকা কর্মচারীরা তাৎক্ষণিক টের পেলে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ব্যাংকের কোনও সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।

এদিকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করে শেয়ার করছেন।

ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তবে আগুনে ব্যাংকের কোনও সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।

বাঘারপাড়া থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

যশোর জোনাল অফিসের তথ্যমতে, শার্শার বাগআঁচড়া ও চন্দনপুর শাখা, কেশবপুরে সাগরদাঁড়ি ও বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া শাখায়ও অগ্নিসংযোগ করা হয়েছে। চারটি শাখাতে কোনও সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে যশোরে গ্রামীণ ব্যাংকে একের পর এক শাখাতে অগ্নিকাণ্ড বা ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীরা।

সদর উপজেলা একটি শাখার ম্যানেজার বলেন, ‘যশোর ছাড়াও সারা দেশে গ্রামীণ ব্যাংক-কে যেভাবে টার্গেট করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফারণ ঘটানো হচ্ছে; এতে তো আমরা আতঙ্কিত। অনেকেই রাতে শান্তিতে ঘুমাতে পারছে না। কেউ কেউ তো আবার চাকরি ছাড়ার পরিকল্পনাও করছে।’

গ্রামীণ ব্যাংকের যশোর জোনাল অফিসের হিসাবরক্ষক ইসরাফিল হোসেন বলেন, ‘যশোরে ৮০টি শাখার মধ্যে চারটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে তেমন ক্ষতি হয়নি। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হচ্ছে এটা সত্যি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি সব কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সব কেন্দ্রেই সিসি ক্যামেরা চলে গেছে। দ্রুতই বসানো শেষ হবে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছে।’