বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য

দীর্ঘ কারাবাসে থাকার পর ২৮ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের দুই ব্যক্তি বাদল ফরাজী ও মাইদুল ওরফে আফজাল। তাদের মধ্যে বাদল ফরাজী ১৮ বছর ও মাইদুল ওরফে আফজাল প্রায় ২৪ বছর ধরে কারাবন্দি হিসেবে আছেন।

দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরার সুযোগ পাওয়ায় তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ও আবেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের অনুমোদনে তারা ২৮ দিনের প্যারোলে মুক্তি পান।

দুই জনই ভারতের পৃথকদুটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ সময় দেশটির কারাগারে ছিলেন। পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হলে এখানকার কারাগারেও তাদের বন্দিজীবন চলতে থাকে।

বাদল ফরাজীর বাড়ি বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায়। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর নামের মিল থাকায় দিল্লির একটি হত্যা মামলায় তাকে আটক করা হয়। ওই মামলার প্রকৃত আসামি ছিলেন বাদল সিং। পরে ভারতীয় আদালতে সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ১০ বছর ভারতের কারাগারে কাটান বাদল ফরাজী। ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার পর থেকে দেশের কারাগারে বন্দি ছিলেন তিনি। সব মিলিয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর এবার ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন।

অন্যদিকে, মাইদুল ওরফে আফজালের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে। জীবিকার তাগিদে ২০০০ সালের আগে ভারতে পাড়ি জমান। সেখানে দিল্লিতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০০২ সালে দিল্লির জামে মসজিদ এলাকার ৬ নম্বর সড়কে একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকেসহ ৩৫ জনকে আটক করা হয়। পরে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই ঘটনার পর থেকেই কারাবন্দি জীবন শুরু হয় তার। ২০২১ সাল পর্যন্ত ভারতের কারাগারে থাকার পর বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তাকে।

এরপর থেকে বাংলাদেশের কারাগারে ছিলেন মাইদুল। প্রায় ২৪ বছর পর এবার ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় তাদের বাগেরহাট কারাগারে আনা হয়। পরে এ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের বিশেষ পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আবু সাদ্দাত বলেন, দাফতরিক কাজ শেষে পুলিশের দুটি দল তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

দীর্ঘদিন কারাগারে থাকায় দুই জনেরই পারিবারিক জীবনে নেমে আসে নানা সংকট। বাদল ফরাজীর কারাবন্দি অবস্থায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। অসুস্থ বৃদ্ধ মা শিফালী বেগম দীর্ঘদিন ধরে ছেলের অপেক্ষায় রয়েছেন। ছেলেকে কাছে পাওয়ার পাশাপাশি তার স্থায়ী মুক্তির প্রত্যাশা করছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে মাইদুলের স্বজনরাও দীর্ঘ দুই যুগ পর তাকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন। প্যারোলে মুক্তির মধ্য দিয়ে পরিবারের সঙ্গে কিছু দিন সময় কাটানোর সুযোগ পেলেন তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তাদের প্যারোলের শর্ত মেনে চলতে হবে।