সাংবাদিক নাদিম হত্যা: ১১ আসামি গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

গ্রেফতার আসামিরা হলেন- সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, গোলাম কিবরিয়া সুমন, রেজাউল, মিলন, তোফাজ্জল, আইনাল হক, কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহিদ, মকবুল ও ওহিদুজ্জামান

এর আগে, শনিবার (১৭ জুন) দুপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

মনিরা বেগম জানান, তার স্বামীর হত্যাকারীরা যেন পার না পায়। খুনি মাহমুদুল আলম বাবু ও তার ছেলে রিফাতসহ সবার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ১১ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে থানা পুলিশ ৯ জনকে জামালপুর আদালতে পাঠিয়েছে।

গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে মারা যান তিনি। আজ বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও গোমেরচর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, র‍্যাবের কাছে মামলার প্রধান আসামি বাবু স্বীকার করেন, ‘ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা’ থেকে সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে তার ওপর হামলার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ঘটনার দিন নিজের ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে হামলা চালানো হয়। হামলার সময় ঘটনাস্থলের কাছেই অবস্থান করে নির্দেশনাও দিচ্ছিলেন তিনি।