৫ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে কাঁদলেন প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের ৫ মিনিট পরে যাওয়ায় মনোনয়ন ফরম জমা দিতে না পেরে কাঁদলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার ৫ মিনিট পরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তিনি। তবে সময় শেষ হয়ে যাওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। যদিও এই প্রার্থী দাবি করেছেন, তিনি দুই মিনিট পরে সেখানে গেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেছেন, ওই প্রার্থী পাঁচ মিনিট পরে এসেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র গ্রহণের জন্য বারবার অনুরোধ জানালেও বিধিমালার কারণে তা গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা।

তিনি বলেন, ‘শেরপুর থেকে নালিতাবাড়ীতে আসার পথে গাড়ি সমস্যার কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছতে পারিনি। মাত্র দুই মিনিট দেরি হয়ে গিয়েছিল। আমি তাহমিনা কম্পিউটারে কাগজপত্রের দায়িত্ব দিয়ে এসেছিলাম। সে গাফিলতি করেছে। তার গাফিলতির কারণেই মনোনয়নপত্র জমা দিতে পারলাম না।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। জনগণের কাছাকাছি গিয়েছি। তবে সংসদে না গিয়েও আমি জনতার সঙ্গে থাকবো, জনতার সেবা করবো।’

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ‘নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনও সুযোগ নেই। আব্দুল্লাহ বাদশা আমার কক্ষে যখন প্রবেশ করেন, তখন ৫টা পাঁচ মিনিট বাজে। দুই মিনিট নয়, পাঁচ মিনিট দেরি করে তিনি এসেছেন। নিয়মের বাইরে যাওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।’