নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশাচালক শফিকুল ইসলাম (৩৫) ও নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পাথর ও বালু ফেলে রাখায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। এতে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’