রাজশাহী আদালত চত্বরে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, রাজশাহীর আদালত চত্বরের সীমানা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি পুলিশের গাড়ির পাশে বিস্ফোরিত হয়। এতে কোনও পুলিশ সদস্য আহত না হলেও এক পরিচ্ছন্নতাকর্মী কিছুটা আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।
ওসি রফিকুল হক আরও জানান, ককটেল হামলা চালিয়েই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাই কাউকে আটক করা যায়নি। অবরোধের সমর্থনে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে, রাজশাহীর নগরীর রেলগেট এলাকায় অটোরিকশায় ককটেল হামলা চালিয়েছে। এতে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তার চোখে ও পেটে জখম হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাতেনাতে শাহাদত, টিটু ও মনিরুল ইসলাম নামের তিন যুবককে আটক করা হয়েছে। তাদের গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে।