পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদ করায় স্বাস্থ্য কর্মকর্তা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। তার অভিযোগ, দরপত্রে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি আড়াল করতেই তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সুপার মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিন্টু। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীর করা অভিযোগের প্রতিবাদও জানান তিনি।
সংবাদ সম্মেলনে পিন্টু বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজের দরপত্রে এমন কিছু শর্ত রাখা হয়েছিল, যাতে স্থানীয় যোগ্য ঠিকাদারদের অংশ নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। তার অভিযোগ, নিয়ম না মেনে স্বাস্থ্য কর্মকর্তা তার পছন্দের ব্যক্তিদের কাজ পাইয়ে দিয়েছেন।
পিন্টুর আরও দাবি, দরপত্র যাচাই-বাছাই কমিটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়নি। যাদের দরপত্র গ্রহণ করা হয়েছে, তাদের সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তার পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে পিন্টু বলেন, আমি শুধু দরপত্রের অনিয়ম নিয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু দুর্নীতির বিষয়টি আড়াল করতে স্বাস্থ্য কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি নিয়মিত হাসপাতালে আসেন না, বর্তমানে ছুটিতেও রয়েছেন। অথচ এখন বলছেন, আমার কারণে তিনি অফিসে যেতে পারছেন না।
তবে যুবদল নেতা পিন্টুর অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি কোনো অনিয়ম করেননি এবং বর্তমানে ছুটিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, নাদের হোসেন, রাশেদ খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।