রাজশাহীর মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার উৎসব। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও হয়েছে বেশ ভালো। কোথাও কোথাও বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। ভালো ফলনে মুখে হাসি ফুটলেও সেই হাসি ম্লান হচ্ছে বাজারদরের কারণে। সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। অথচ বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।
কৃষকদের দাবি, প্রতি মণ ধানের দাম কমপক্ষে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা হলে উৎপাদন খরচ মিটিয়ে ন্যায্য লাভ পাওয়া সম্ভব।
নভেম্বরের শুরু থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। তবে পুরোদমে কাটার মৌসুম শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে পবা উপজেলার নওহাটা পৌর এলাকার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠে কোথাও পাকা, কোথাও আধা পাকা ধান দুলছে। ভোরের হালকা কুয়াশা আর মৃদু শীতের বাতাসে মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কাস্তে হাতে ধান কাটছেন কৃষকেরা। কেউ আঁটি বাঁধছেন, কেউ জমিতেই মাড়াই করছেন। ধান ঘরে তোলার ব্যস্ততায় কৃষক পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় কৃষকেরা জানান, এবার আগাম ব্রি-১০৩ ও বিনা-১৭ জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। কিছু জমির ধান কাটা ও বিক্রিও শেষ। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কা রয়েছে। ধান কাটার পর একই জমিতে আলু, শীতকালীন শাকসবজি ও ডালজাতীয় ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
পবার তেঘর গ্রামের কৃষক মামুন রশিদ এবার তিন বিঘা জমিতে ব্রি-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ২০ মণ। তিনি জানান, জমি চাষ, মই দেওয়া, চারা রোপণ ও সার প্রয়োগে বিঘাপ্রতি খরচ হয়েছে ৭ হাজার টাকা। ধান কাটা, মাড়াই, বাড়িতে আনা ও শ্রমিকের মজুরি বাবদ খরচ হয়েছে আরও ৭ হাজার টাকা। সবমিলিয়ে নিজের জমিতে উৎপাদন খরচ ১৪ হাজার টাকা। তবে লিজ বা বর্গা জমিতে চাষ করলে এর সঙ্গে আরও পাঁচ হাজার টাকা যোগ হয়।
মামুন বলেন, নওহাটা বাজারে প্রতি মণ এক হাজার ২০০ টাকা দরে ২০ মণ ধান ২৪ হাজার টাকায় বিক্রি করেছেন। উৎপাদন খরচ বাদে ধান থেকে আয় হয়েছে ১০ হাজার টাকা। এ ছাড়া প্রতি বিঘায় প্রায় ২১ পুন খড় পেয়েছেন। প্রতি পুন ২৫০ টাকা দরে বিক্রি করে আয় হয়েছে ৫ হাজার ২৫০ টাকা। ধান ও খড় মিলিয়ে বিঘাপ্রতি প্রায় ১৫ হাজার ২৫০ টাকা উদ্বৃত্ত থাকছে। ধান কাটা শেষে এখন আলু চাষের জন্য জমি প্রস্তুত করছেন।
বাগসারা বিলের কৃষক মুনজুর রহমান এবার ১০ বিঘা জমিতে বিনা-১৭ জাতের আমন ধান চাষ করেছেন। তার বিঘাপ্রতি উৎপাদন খরচ ১৭ হাজার টাকা। গড়ে ফলন পেয়েছেন ১৮ মণ। সম্প্রতি ২০ মণ ধান প্রতি মণ এক হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। বাকি ধান দাম বাড়ার আশায় রেখে দিয়েছেন। খড় বিক্রিসহ সব খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে পাইকপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম লিজ বা বর্গা নিয়ে তিন বিঘা জমিতে ব্রি-৫১ জাতের ধান চাষ করেছেন। আগামী সপ্তাহে তার জমিতে ধান কাটা শুরু হবে।
তিনি বলেন, গত বছরের তুলনায় সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। বেড়েছে শ্রমিকের মজুরিও। বাজারে প্রতি মণ ধান এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দামে কৃষকের পোষায় না। অন্তত এক হাজার ৫০০ টাকা হলে কিছুটা লাভ করা সম্ভব হতো।
একই উপজেলার কৃষক ইউসুফ আলী পাঁচ বিঘা বর্গা জমিতে ব্রি-১০ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কাটা শেষ। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ১৮ মণ। তিনি বলেন, ফলন ভালো হয়েছে, সময়মতো ধানও ঘরে তুলতে পারছেন। তবে ন্যায্য দাম না পেলে বর্গাচাষিরা প্রকৃত অর্থে লাভবান হবেন না।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধানের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা তিন লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ।
জেলার মধ্যে গোদাগাড়ীতে সবচেয়ে বেশি ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তানোরে ২২ হাজার ৭১, পবায় ৯ হাজার ১৪০, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫, চারঘাটে ৫ হাজার ৪৫০, মোহনপুরে ৪ হাজার ১০০, বাগমারায় ৩ হাজার ৭২৫ এবং বাঘায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, এ বছর উপজেলায় দুই হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বিঘাপ্রতি গড়ে ২০ মণ ধান পাওয়া যাচ্ছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, জেলায় ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে।
তিনি জানান, আগাম আমন ধান ঘরে তোলার পর কৃষকেরা একই জমিতে আলু, সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ন্যায্য মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাজারেও কৃষকেরা যাতে ন্যায্য দাম পান, সে বিষয়টি কৃষি বিভাগ মনিটরিং করবে।