এক ভরি স্বর্ণের জন্য আপন ভাইকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে আরেক ভাই ও ভাবির বিরুদ্ধে। পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন বাগানে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় আলমগীরকে (৩৯)। এ ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আলমগীর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা। বিভিন্ন এলাকায় বাদাম-বুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। অবিবাহিত আলমগীর প্রায় তিন মাস আগে নিজের এক ভরি স্বর্ণালঙ্কার বিশ্বাস করে গচ্ছিত রাখেন ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে। অভিযোগ রয়েছে, আলমগীরকে না জানিয়ে ওই স্বর্ণের তিন আনা একটি দোকানে বন্ধক রেখে আট হাজার টাকা তুলে নেন তারা।
বিষয়টি জানাজানি হলে স্বর্ণ ফেরত চান আলমগীর। এ নিয়ে সালিসও হয়। সেখানে স্বর্ণ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন ভাই-ভাবি।
গত ১১ নভেম্বর পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এর আগেই তাকে হত্যার জন্য এক লাখ টাকায় ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করেন জাহাঙ্গীর ও রিনা।
এরপর ভাড়াটে সন্ত্রাসী সাদ্দাম ও শফিকুল দুটি অটোরিকশায় করে আলমগীরকে রিকাবীবাজার হয়ে বালুচরের দিকে নিয়ে যান। পথে আরও দুজন তাদের সঙ্গে যোগ দেন। পরে সিরাজদিখান উপজেলার কালিনগরের একটি নির্জন আকাশমণি বাগানে নিয়ে আলমগীরের কাছে থাকা টাকা ও স্বর্ণ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় চিৎকার করলে ইট দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
গত ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগরের ওই বাগান থেকে আলমগীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম সিরাজদিখান থানায় মামলা করেন। পরে তদন্তে নামে পিবিআই মুন্সীগঞ্জ। তদন্তের পর আলমগীরের ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাবি রিনা বেগম (২৪) এবং ভাড়াটে সন্ত্রাসী সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলামকে (৩৩) গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, গ্রেফতারদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইট ও দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতারে অভিযান চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।