আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেড়া পৌরসভার কিছু এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বেড়া পৌর সদর ও পায়না মহল্লায় গতকালের সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভয়ে কেউ কিছু বলছে না। ঘটনাস্থলে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ, টিন দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল এবং ওই এলাকাগুলোতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষারকী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তবে ঘটনার পর এখন পর্যন্ত ভাঙচুর-আগুনে ক্ষতিগ্রস্তদের সংখ্যা জানতে পারেনি পুলিশ ও স্থানীয় প্রশাসন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, দুপুরে পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ-সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।

পৌরসভার ডাকবাংলা বাজারের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে

উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সম্ভপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। সেখানে তারা বিক্ষোভও করেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিনে বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।

শুক্রবার পৌর এলাকার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আবারও পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠক করেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা দাবি করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বক্তব্য দেন।

দুপুরে বৈঠক শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কিছু মানুষও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। এর পরপরই বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।

এলাকাগুলোতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষারকী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা

বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়-দফায় সংঘর্ষের পর শনিবার রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়। বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

নতুন ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতির আর অবনতি হবে না।’

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা জানান, ‘আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত বা ভাঙচুর আগুন দেওয়ায় ক্ষতিগ্রস্ত তালিকা করার পরিবেশ এখনও তৈরি হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভালো বলা যায়। আমরা নজর রাখছি, যাতে আর সংঘর্ষ না হয়।’