গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় করোনাভাইরাস আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দিনাজপুরে চার, ঠাকুরগাঁওয়ে দুই, লালমনিরহাটে তিন এবং গাইবান্ধার একজন মারা গেছেন।
একই সময়ে এক হাজার ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ১৫১ এবং ঠাকুরগাঁওয়ে ১১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২৯ জনে।
ডা. জাকিরুল ইসলাম জানান, রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর , ঠাকুরগাঁও এবং রংপুরে সংক্রমণ হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৬১৯, রংপুরে ছয় হাজার ৩৩০ জন এবং ঠাকুরগাঁওয়ে তিন হাজার ৩৮৪ জন। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে এক হাজার ৫০২ জন।