হিলি স্থলবন্দরের প্রধান সড়ক সংস্কার না করলে পণ্য রফতানি বন্ধের হুঁশিয়ারি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক সংস্কার না করলে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় ট্রাকচালকরা। একইসঙ্গে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (০৬ জুলাই) সন্ধ্যায় ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ আগরওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি বাংলাহিলি কাস্টসম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। চিঠিতে হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটের রেললাইন থেকে পানামা হিলি পোর্ট লিংক গেট পর্যন্ত সড়কটি দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে বলা হয়েছে।

চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেটের রেললাইন থেকে পানামা হিলি পোর্ট লিংক গেট পর্যন্ত সড়কটি এতটাই ক্ষতিগ্রস্ত যে, চালক ও সহকারীরা জীবনের ঝুঁকি ট্রাক চালাচ্ছেন। প্রতিদিন একাধিক পণ্যবাহী ট্রাক চলাচল করতে গিয়ে উল্টে যায়। মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। এতে ট্রাকের যেমন বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, তেমনি চালক ও সহকারীরা আহত হচ্ছেন। ফলে দুই দেশের পণ্য আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনর্নির্মাণ না করলে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে আসবেন না তারা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে স্থলবন্দরের প্রধান সড়কটির বেহাল দশার কথা আমাদের জানিয়েছেন। সড়কটি সংস্কার না করলে আমদানি-রফতানি বন্ধসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণার কথা জানিয়েছেন তারা। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবো। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’