কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ক্যাসিনো জুয়ার টাকা লেনদেনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারের একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকান থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম আলাল হোসেন। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে। ধলডাঙা বাজারে তিনি মোবাইল ব্যাংকিয়ের ব্যবসা করেন।
তবে পুলিশের দাবি, ওই যুবক মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে মূলত অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। শুধু বাংলাদেশ নয়, ভারতের ওপারেও তিনি জুয়ার টাকা রিচার্জ করে পাঠাতেন।
পুলিশ জানায়, ধলডাংগা বাজারে ছোট একটি মোবাইল ব্যাংকিংয়েরে দোকানের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা ও সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিবিড় নজরদারির পর নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটারে সংরক্ষিত জুয়া ও ক্যাসিনো সংক্রান্ত তথ্য উদঘাটন করা হয়। তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত যুবকের কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন, বেশ কিছু সিম, অনলাইন জুয়ায় সাইটে রিচার্জের কাজে ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন বা ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। বিরুদ্ধে জুয়া আইন-২০২৬ এর অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’