দিনাজপুরের হাকিমপুরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ১৪ ঘণ্টা পর জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে মোশারফ হোসেন ওরফে মোস্তফা (২৪) নামের ওই নেতাকে আটক করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে থানা চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান তিনি।
মোশারফ হোসেন হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার বছির উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাকিমপুর সরকারি কলেজ শাখার সদস্য বলে জানিয়েছেন হাকিমপুর থানার ওসি বাদশা আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মোশারফকে গ্রেফতার করা হয়। পরে এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে তাকে থানায় নেওয়া হয়। থানায় পৌঁছে পিকআপ থেকে নামানোর সময় পুলিশের চোখ এড়িয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
তার পালিয়ে যাওয়ার পরপরই তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় অভিযান চালানো হয়। সেখানকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে হাতকড়াসহ পুনরায় গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, নাশকতার মামলায় গ্রেফতারের পর মোশারফ থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী এলাকা থেকে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে।