কুড়িগ্রাম জেলা সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তঃউপজেলা বদলির আদেশ স্থগিত হওয়ার পরও নিজ নিজ কর্মস্থলে ফেরেননি ১২ জন সহকারী শিক্ষক। উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসাররা নির্দেশ দিলেও ওই ১২ শিক্ষক বিদ্যালয়ে ফেরত যাননি। তাদের এমন বেপরোয়া আচরণ সহকারী শিক্ষকদের ওপর প্রাথমিক শিক্ষা বিভাগের কর্তৃত্বকে (চেইন অব কমান্ড) প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা অফিস সূত্র বলছে, সহকারী শিক্ষকদের এমন বেপরোয়া আচরণের খবরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাদের ডেকে সতর্ক করেন। কিন্তু তারা ইউএনওর নির্দেশ পাত্তা দেননি। প্রশাসনিক ও বিভাগীয় নির্দেশনাকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে তারা স্বেচ্ছাচারী আচরণ করছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষকরা। এতে করে প্রাথমিক শিক্ষা বিভাগে শৃঙ্খলা ভেঙে পড়ার পাশাপাশি খারাপ নজির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা বিভাগ সংশ্লিষ্টরা।
গত ২৯ সেপ্টেম্বর বিকালে ১২ সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’। উপজেলা নির্বাহী অফিসার কমিটির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কমিটির সদস্যসচিব। নীতিমালা লঙ্ঘন করে বদলির অভিযোগ ওঠায় পরের দিন ৩০ সেপ্টেম্বর বদলির আদেশ স্থগিত করে পত্র জারি করে কমিটি।
কিন্তু ওই ১২ শিক্ষক স্থগিত আদেশ না মেনে বদলিকৃত (স্থগিত) বিদ্যালয়ে যোগদান করে হাজিরা স্বাক্ষর করতে থাকেন। তাদেরকে পূর্বের কর্মস্থল স্কুলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করেন। দীর্ঘ প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে তারা নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। শিক্ষা বিভাগ তাদের নিজ নিজ স্কুলে ফেরত যাওয়ার নির্দেশ দিলেও তারা কর্ণপাত করছেন না।
স্থগিত হওয়া বদলি আদেশে ১২ শিক্ষকের তালিকা
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একাধিক সহকারী শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানা গেছে, বদলি আদেশ স্থগিত হওয়া ১২ শিক্ষকের ওপর কার্যত শিক্ষা বিভাগের কোনও নিয়ন্ত্রণ নেই। বিভাগীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের ইচ্ছামতো চলছেন। প্রায় দুই মাস ধরে তারা নিজ নিজ বিদ্যালয়ে অনুপস্থিত। বারবার বলার পরও বিদ্যালয়ে ফিরছেন না। এটা তাদের অসদাচরণ। কিন্তু রহস্যজনক কারণে উপজেলা শিক্ষা অফিসার তাদের বিরুদ্ধে কোনও বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন না।
তালিকায় থাকা ১২ শিক্ষকদের একজন রোখসানা পারভীন। তিনি সদরের চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কিন্তু প্রায় এক বছর ধরে তিনি নিজ বিদ্যালয়ে অনুপস্থিত বলে জানা গেছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক ছালেহা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোখসানা দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। তিনি ডেপুটেশন নিয়ে অন্য স্কুলে ছিলেন। ২০২৫ সালের নভেম্বর মাসে তার ডেপুটেশনের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু স্কুলে ফেরেননি। প্রায় এক বছর ধরে স্কুলে অনুপস্থিত। এমনিতেই আমার স্কুলে শিক্ষক সংকট। কিন্তু কোন আদেশের বলে তিনি স্কুলে আসেন না তা আমার জানা নেই। আমি কর্তৃপক্ষের কোনও আদেশের কপি পাইনি।’
বাকি ১১ শিক্ষকের স্কুলগুলোতে খোঁজ নিয়ে তাদেরও অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কর্মস্থলে অনুপস্থিত থাকা আরেক সহকারী শিক্ষক ফারুক হোসেন। বদলির আদেশ স্থগিত এবং নিজ বিদ্যালয়ে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি ফেরেননি। এই শিক্ষক বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই পূর্বের বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বদলি আদেশ স্থগিতের খবর পেয়েছি। কিন্তু তার আগে বদলিকৃত স্কুলে যোগদান করেছি। কর্তৃপক্ষ লিখিতভাবে আমাদের ফিরে যেতে বললে আমরা ফিরে যাবো।’
প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, বদলি আদেশ স্থগিত হওয়ার অর্থই শিক্ষকদের পূর্বের কর্মস্থল বহাল রয়েছে। তাদেরকে একাধিকবার মৌখিকভাবে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে পৃথক লিখিত আদেশের প্রয়োজন নেই।
১২ শিক্ষকের স্বেচ্ছাচারিতা এবং নিজ নিজ স্কুলে ফেরত না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউইও) আবু বকর সিদ্দিক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ১২ শিক্ষক বেপরোয়া। বদলি আদেশ স্থগিত হওয়ায় ওই ১২ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করা হয়নি। কিন্তু বারবার বলার পরও তারা নিজ বিদ্যালয়ে ফেরত যাচ্ছেন না। সরকারি চাকরিবিধি অনুযায়ী তারা অসদাচরণ করেছেন।’ তবে কেন ওই ১২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না সে ব্যাপারে কোনও সদুত্তর দেননি ইউইও।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘বদলির আদেশ স্থগিত হওয়ার পরও কেন ওই ১২ শিক্ষক তাদের নিজ নিজ স্কুলে ফেরত যাননি এবং কেনই বা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জবাব দেবেন। পূর্বের বদলির আদেশের অসঙ্গতি দূর করে নতুন আদেশ জারি করতে কমিটির সভা আহ্বান করা হবে।’