বাস্তবতা আর সিনেমার মধ্যে যে বিস্তর ফারাক, সেটি এবার দেখা যাবে টিভি নাটকে। এমন বিষয় উপজীব্য করে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘সিনেমায় যেমন হয়’।
যা ২২ আগস্ট থেকে প্রচার শুরু হচ্ছে বিটিভিতে।
আহমেদ রেজাউর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।
নাটকটির প্রযোজক তথা নির্মাতা আবু তৌহিদ জানান, নাটকটির গল্পে দেখা যাবে- ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আর শ্যালকে নিয়ে তার সংসার। শ্যালক মিজান বেকার। তার ধারণা জগত সংসারে যা কিছু ঘটে তার পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। কারণ সিনেমা তৈরি হয় জীবন থেকে নেয়া নানান ঘটনা-দুর্ঘটনা থেকে। মিজানের বিশ্বাস সিনেমাতেই জীবনের নানা সংকটের সমাধান রয়েছে। এ নিরিখে মামা-ভাগ্নে জীবন যাচাইয়ের কাজে নেমে পড়ে। জনপ্রিয় সিনেমার গল্পের মতো করে সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু ঘটতে থাকে একের পর এক বিপত্তি।
অন্যদিকে এই দিন (২২ আগস্ট) থেকে বিটিভিতে প্রচার শুরু হচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক ‘বিদেশি ছেলে’।
এটি রচনা করেছেন মীর সাব্বির। প্রযোজনা করেছেন ইয়াসির আরাফাত। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, তাহমিনা মৌ, সাইদ বাবু, তানিন তানহাসহ অনেকে।
বিটিভি কর্তৃপক্ষ জানায়, দুটি ধারাবাহিকই প্রচার হবে ২২ আগস্ট থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত।