পুরুষের বয়স বাড়লে, টাক পড়লে কিংবা চুল পেকে গেলে সেটিকে ‘পরিণত’ ও ‘আকর্ষণীয়’ বলে প্রশংসা করা হয়। অথচ একজন নারীর শরীরে সামান্য পরিবর্তন এলেই কেন তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়—এমন প্রশ্ন তুলেছেন অভিনেত্রী খুশবু সুন্দর।
অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও মন্তব্যের মধ্যেই এমন প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির পর তার চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়। এর পরই এক্সে দীর্ঘ পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে সরব হন খুশবু।
খুশবু প্রশ্ন তোলেন, পুরুষের বয়স বৃদ্ধি, টাক পড়া কিংবা চুল পেকে যাওয়া যদি স্বাভাবিক ও আকর্ষণীয় হিসেবে দেখা হয়, তাহলে নারীর শরীরে সামান্য পরিবর্তন এলেই কেন তা নিয়ে এত আলোচনা হয়?
তিনি বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে নানা ধরনের শারীরিক, মানসিক ও হরমোনগত পরিবর্তন আসে। কিন্তু এসব বাস্তবতা না বুঝেই সমাজ অনেক সময় নারীর চেহারা ও শরীর নিয়ে বিচার করতে শুরু করে।’
নিজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন খুশবু। তিনি জানান, একসময় ওজন বেড়ে যাওয়ায় তাকে বিদ্রূপের শিকার হতে হয়েছিল। আবার পরে ওজন কমানোর পরও শুনতে হয়েছে, তিনি নাকি কোনও ‘ইনজেকশন’ নিয়েছেন।
ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে খুশবুর বার্তা, ‘একজন নারীকে তার শরীর, মাতৃত্ব কিংবা ওজন নিয়ে কাউকে কোনও ব্যাখ্যা দিতে হবে না। নারীর বয়স বা শরীরের পরিবর্তনকে সমাজের নির্ধারিত কোনও মানদণ্ডে বিচার করাও উচিত নয়।’
খুশবুর ভাষায়, ‘একজন মহিলার কোনও ‘প্রাইম’ নেই, তার রয়েছে একটি জীবন। জীবনের প্রতিটি বয়সই তার।’