‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অমলা পাল তার ২০১৯ সালের সাড়াজাগানো `আদাই’ এর মতো চলচ্চিত্রে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বয়স ও অভিজ্ঞতার সাথে সাথে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব এবং নিজের ক্যারিয়ার ও ইমেজ নিয়ে সচেতন।

সম্প্রতি ইন্ডিয়া টুডে সাউথ কনক্লেভ ২০২৬ এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বিস্তারিত কথা বলেন।

অমলা পল জানান, ‘আদাই’ সিনেমাটিতে চরিত্রের প্রয়োজনে তাকে বেশ কিছু দৃশ্যে নগ্ন বা বস্ত্রহীন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। সিনেমাটি করার পর তার মনে ভয় তৈরি হয়েছিল যে, তিনি হয়তো এই ধরনের চরিত্রের মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়বেন। নির্মাতারা তাকে বারবার একই ধরনের চরিত্রের প্রস্তাব দিতে থাকবেন। তবে তিনি নিজেকে কোনও নির্দিষ্ট ছকে বাঁধতে চাননি।

অমলা স্পষ্ট করে বলেন, ‘আমাকে যদি এখন ‘আদাই’-এর মতো কোনও সিনেমার প্রস্তাব দেওয়া হয়, তবে আমি আর তা করবো না। এটি শুধু সাহসের অভাব নয়, বরং সময়ের সাথে সাথে মানুষ আরও কিছুটা বুদ্ধিমান ও পরিপক্ব হয়। অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শেখায়।’

‘আদাই’ এর সে সময়ের কথা স্মরণ করে অমলা বলেন, ‘লেখক-পরিচালক রত্না কুমার কীভাবে বিষয়টি সামলাবেন বিষয়টি নিয়ে আমার সবচেয়ে বড় উদ্বেগ ছিল।

তিনি আরও জানান যে, দলটির দৃষ্টিভঙ্গি বোঝার জন্য তিনি প্রায় দুই মাস সময় ব্যয় করেন এবং পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরেই ছবিটি করতে রাজি হন।

অমলা বলেন, ‘আমার পরিচালক এবং চিত্রগ্রাহকের ওপর আস্থা রাখা প্রয়োজন ছিল। আমার পুরো ভাবনাটাই ছিল, এই মানুষগুলো কি আবেগতাড়িত একটি নান্দনিক চলচ্চিত্র নির্মাণ করতে প্রস্তুত, নাকি এটি নগ্নতা নিয়ে নির্মিত হবে?’

তিনি আরও বলেন, ‘একবার যখন আমি আস্থা অর্জন করলাম এবং নিশ্চিত হলাম যে এটি সৃজনশীলভাবে চিত্রায়িত হবে, তখন এটি আমাদের সকলের জন্য একটি অত্যন্ত সুন্দর সৃজনশীল প্রক্রিয়া হয়ে উঠলো। সেটে অল্প কিছু লোক রেখেই তারা আমাকে স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছেন।’