২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নতুন সিনেমাটির নাম ‘ভেন্টিলেটর ২’। প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্সের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
এতে আবারও পরিচালকের দায়িত্বে ফিরছেন রাজেশ মাপুসকর। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে অভিনয়শিল্পী ও গল্পের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
ইনস্টাগ্রামে সিনেমাটির ঘোষণা দিয়ে মূল সিনেমার স্মৃতিচারণা করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি প্রযোজক হিসেবে তার যাত্রায় ‘ভেন্টিলেটর’-এর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। অর্থবহ গল্প নিয়ে কাজ করার লক্ষ্য থেকেই পার্পল পেবল পিকচার্স প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান অভিনেত্রী।
ঘোষণার সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, `১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে আমি এমন কিছু গল্প বলতে চেয়েছিলাম, যেগুলোর বিশেষ অর্থ রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের জন্য `ভেন্টিলেটর’ ছিল তেমনই একটি গুরুত্বপূর্ণ গল্প। এক দশক পর আমরা আরও অনেক কিছু নিয়ে সেই গল্পে ফিরে আসছি।’
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ভেন্টিলেটর’ সিনেমাটি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল।