বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এদিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন সহকর্মীসহ তারা নিহত হন।
ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড এ্ন্ড সার্ভিসেস ট্রাস্ট) উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাদের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিশুন মুনীরের ভাই আসিফ মুনীর, চিত্রশিল্পী দিলারা বেগম জলি, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেনসহ আরও কয়েকজন।
এর আগে বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ব্লাস্টের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেওয়া অর্থকে শুধু ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, তাদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করতে হবে।
এ ছাড়া নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা বৈধ প্রতিনিধি এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগীবান্ধব করার দাবি জানানো হয়।
সড়কে যানবাহনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তাসংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়।
ব্লাস্টের কমিউনিকেশন সমন্বয়কারী মুসফিকুর রহমান মারুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ।
শিল্পী এস এম সুলতানের জীবনের ওপর নির্মিত ‘আদম সুরত’ (১৯৮৯) প্রামাণ্যচিত্রের মাধ্যমে চলচ্চিত্রকার হিসেবে তারেক মাসুদের আত্মপ্রকাশ।
এরপর ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধের বাস্তবচিত্র নির্ভর প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ নির্মাণ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। ২০০২ সালে তার প্রথম ফিচার চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়। এটি কান চলচ্চিত্র উৎসবে ‘ডিরেক্টরস ফোর্টনাইট’সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়।
এটিই প্রথম কোনও বাংলাদেশি বাংলা চলচ্চিত্র, যা সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের (অস্কার) জন্য নিবেদন করা হয়েছিল।