গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে বিয়ে করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। দেশের এক ব্যবসায়ীকে তিনি বিয়ে করেছেন বলে খবর প্রকাশ হয়।
তবে এ নিয়ে এত দিন পূজার কোনও মন্তব্য পাওয়া যায়নি। অবশেষে সোমবার (১৭ আগস্ট) বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি। ফেসবুকের একটি পোস্টে তার বিয়ে ও গঞ্জন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এ গ্ল্যামারকন্যা।
পোস্টে তিনি জানান, তার এখনও বিয়ে হয়নি। একই সঙ্গে তাকে নিয়ে যাচাই না করে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার অনুরোধ করেন।
পূজা লিখেছেন, আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনও অমুক পেশার কারও সঙ্গে, কখনও অন্য কারও সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।
তিনি আরও লেখেন, আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম—আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাবো। লুকানোর কিছু নেই।
এদিকে পূজা তার বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি। কোনও তথ্য যাচাই না করে তাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গ তুলেছেন।
পূজা তার পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে দাবি করেছেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তিনি লিখেছেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’
সবশেষে গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে জানিয়েছেন, গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তার সম্মান রয়েছে।
বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তার বাগ্দান নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী।
পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।