পপসম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণীয় সুপার বোল হাফটাইম শো এবার উঠে আসছে প্রামাণ্যচিত্রে। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সুপার বোলের মঞ্চে তার ঐতিহাসিক পারফরম্যান্সের নেপথ্যের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘স্পেকট্যাকল: মাইকেল জ্যাকসন অ্যাট দ্য সুপার বোল’।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে হুলু ও ইএসপিএনে মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রামাণ্যচিত্রটির।
১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার বোলের হাফটাইম শোতে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। নতুন এই প্রামাণ্যচিত্রে তার সেই পরিবেশনার প্রস্তুতি এবং আয়োজনের নানাদিক তুলে ধরা হবে। এতে থাকছে জ্যাকসন ও তার দলের আগে কখনও প্রকাশ্যে না আসা কিছু দৃশ্যও।
প্রামাণ্যচিত্রটির নির্মাতাদের ভাষ্য, জ্যাকসনের সেই পারফরম্যান্স সুপার বোলের হাফটাইম শোকে পপ সংস্কৃতির অন্যতম বড় আয়োজনে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার আগে এই পর্বে সাধারণত মার্চিং ব্যান্ড ও বয়স্ক সংগীতশিল্পীদের পরিবেশনা দেখা যেত। জ্যাকসনের পর এই মঞ্চে পারফর্ম করেছেন ইউটু, প্রিন্স, ব্রুস স্প্রিংস্টিন, বিয়ন্সে ও ব্যাড বানির মতো বিশ্বখ্যাত তারকারা।
১৯৯৩ সালের পরিবেশনায় ‘জ্যাম’, ‘বিলি জিন’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ ও ‘হিল দ্য ওয়ার্ল্ড’-এর মতো গান গেয়েছিলেন জ্যাকসন। তার নিখুঁত নাচের মুদ্রা, মঞ্চসজ্জা ও পোশাক সেই পরিবেশনাকে স্মরণীয় করে রেখেছে।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা ও প্রযোজনা করছেন বাও নগুয়েন। এর আগে ‘দ্য গ্রেটেস্ট নাইট ইন পপ’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করে আলোচনায় এসেছিলেন তিনি।
ছবিটি প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন জেসি সিসগোল্ড, জন ওয়াইনবাখ, লরেন গ্যাফনি, জন ব্রাঙ্কা ও অমিত দে। নির্বাহী প্রযোজকদের তালিকায় রয়েছেন কারেন ল্যাংফোর্ড, রস কেটোভার, কেন রজার্স, কিথ কস্রো ও জেসিকা বডি।
মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত ‘মাইকেল’ সিনেমার সাফল্যের প্রায় এক বছর পর আসছে এই প্রামাণ্যচিত্র। ছবিটিতে জ্যাকসনের ভাগনে জাফার জ্যাকসন অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমাটির সিক্যুয়েল তৈরির কাজও চলছে।