শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে ধানমণ্ডির ৩২ নম্বর, নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকান্ড পার করলো ৫০ বছর। স্বাভাবিকভাবেই দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদিন সামাজিক যোগাযোমাধ্যে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন। সেইসাথে জানিয়েছেন শোক।
এরমধ্যে রয়েছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানও। তবে তিনি ১৫ আগস্ট নয়, শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন ১৬ আগস্ট! কিন্তু কেন? সায়ানের ফেসবুক পোস্ট থেকেই বরং জানা যাক সেই গল্প।
তার আগে বলা প্রয়োজন, একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ১৫ আগস্টে কোনও কর্মসূচী পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে বেশ বির্তকের মুখে পড়েন তিনি। এবার তার বক্তব্যের বিরোধিতা করে, সেইসাথে শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে নিজের ফেসবুক ওয়ালে ১৬ আগস্ট সায়ান একটি পোস্ট শেয়ার করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেস সচিব বলেছেন, ১৫ই অগাস্ট কোন কর্মসূচী পালন করলে ব্যবস্থা নেয়া হবে। এর মানে বোধহয় এই যে, অন্য সকল দিন স্মরণে বাধা নাই। আজ ১৬ অগাস্ট। তাহলে প্রেস সচিবকে পরম শ্রদ্ধা জানিয়ে আজ ১৬ অগাস্টে কিছু কথা বলা যাক।’
সায়ান লিখেছেন, ‘পরবর্তীতে পাকিস্তানীরা অতর্কিতে এই দেশের মানুষকে আক্রমণ করলে, সেই জনপ্রতিরোধ যুদ্ধের শুরুতেই জিয়াউর রহমান শেখ মুজিবের নামেই স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করেন। ( সংশোধিত : শুরুতে না হলেও পরে তিনি মুজিবের নামেই ঘোষণা দেন)। তাজউদ্দীন তার চরম সাহসী নেতৃত্ব নিয়ে ভীষণ প্রতিকুলতার মধ্যেও আমাদের মুক্তিযুদ্ধকে যখন গুছিয়ে উঠছেন, তার সাথে তখন তার প্রাণপ্রিয় মুজিব ভাই নাই। তিনিও শেখ মুজিবের নামেই মুজিবনগর সরকার গঠন করেন। মুজিব অনেক সময়ই অনেককে বাদ দিয়ে ভাবতে পেরেছেন। কিন্তু মুজিবকে বাদ দেবার কথা কেউ ভাবে নাই কোনদিন। মুজিব মানুষের এতই প্রিয় ছিলেন, এতই ভরসার ছিলেন এবং এতই অনস্বীকার্য ছিলেন। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা অন্তরে শেখ মুজিবের প্রেরণাকে ধারণ করে জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’
এই সংগীতশিল্পী লিখেছেন, ‘‘এগুলো ইতিহাস। মানুষ তার নেতাকে সম্মান জানাবে, ফুলের তোড়া দিয়ে ভালোবাসা জানাবে, এগুলোকে যারাই দমন করতে চাইবেন, তাদের এটুকু বলার আছে, ভালোবাসারে, স্মরণরে কেউ ‘দাবায়া রাখতে পারবা না!’’
একদম শেষে সায়ান লিখেছেন, ‘যাই হোক, আজ ১৬ই অগাস্ট, মুজিবকে স্মরণ করে কোন কর্মসূচী নিলে,প্রেস সচিব বলেছেন,কোন সমস্যা নাই। আজ থেকে ঠিক ৫০ বছর একদিন আগে মুজিব নিহত হন।’