সিরিয়ার আলেপ্পো শহরে সরকারনিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইখবারিয়ার খবরে বলা হয়, আলেপ্পোর মুফাজা এলাকার নিকটবর্তী একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে তিন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭ জন।
আরও পড়ুন: তুরস্কের সঙ্গে ভিসা চুক্তিকে সমর্থন করবে ইইউ কমিশন
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার হাসপাতালে চালানো হামলায় হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলাটিসহ মঙ্গলবার আলেপ্পোর সরকারনিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু।
সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আলেপ্পোতে বিদ্রোহীরা বেসামরিক লোকজনের ওপর ব্যাপক হামলা শুরু করেছে এবং একটি হাসপাতালেও হামলা চালিয়েছে। এ হামলার জন্য সন্ত্রাসী সংগঠন আল-নুসরা ফ্রন্ট, আহরার আল-শাম, জয়েশ-আল-ইসলামকে দায়ী করেছে সামরিক বাহিনী।
আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’
সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ২২ এপ্রিল থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে আলেপ্পোতে অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭৩ জন পুরুষ, ৩১ জন নারী এবং ১৮ জন শিশুও রয়েছে। সূত্র: আল জাজিরা।
/এসএ/