মিউনিখে হামলাকারীসহ নিহত ১০, পরিস্থিতি নিয়ন্ত্রণে

জার্মানির মিউনিখ শহরে অলিম্পিয়া শপিং সেন্টারে বন্দুক হামলায় হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। হামলাকারী একজনই ছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।  

হুবেরটাস আন্দ্রে

সংবাদ সম্মেলনে পুরো অভিযান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিউনিখ পুলিশের প্রেসিডেন্ট হুবেরটাস আন্দ্রে। তিনি হামলাকারীর নাম উল্লেখ করেননি। তবে জানান, হামলাকারী ১৮ বছর বয়সী  ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। ওই তরুণ হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। তার মরদেহ শপিং মলের পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযানের পর পুলিশের সতর্ক অবস্থান

হামলায় এখন পর্যন্ত হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে। আহতের সংখ্যা ২১। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, হামলায় পিস্তল ব্যবহার করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত করা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মিউনিখের পুলিশ প্রধান।

শপিং মলে পুলিশের তল্লাশি

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও কিছু প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ অনুরোধ করা হয়েছে।

হুবেরটাস আন্দ্রে আরও জানান, পুলিশের অভিযানে দুই হাজার ৩০০ পুলিশ সদস্য অংশ নেন। এর মধ্যে রয়েছেন স্থানীয় পুলিশ সদস্য, জার্মানির অন্যান্য অন্যান্য অঞ্চলের পুলিশ সদস্য এবং সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার পুলিশ সদস্য।

পুলিশি অভিযান

এই হামলার সঙ্গে কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর সংযোগ রয়েছে বলে ধারণা করা হলেও, এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথম হামলা। এতে অন্তত ২০ জন আহত হন। ওই হামলাটির দায় স্বীকার করে আইএস।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন।

এ সম্পর্কিত আরও খবর-

 /এসএ/