বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৮ জুন (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
কোটিপতিদের ‘আইভি থেরাপি’ নিয়ে নতুন হুলস্থুল; ট্রাম্পকে ‘অমান্য করে’ ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল?; ওমান কি মধ্যপ্রাচ্যের ‘সুইজারল্যান্ড’ থাকতে পারবে; ইরানে পাল্টা হামলা না করতে নেতানিয়াহুকে ট্রাম্পের নির্দেশ; ‘ধন্যবাদ ডার্লিং’ বলে মাইক্রোফোন খুলে সাক্ষাৎকার থেকে চলে গেলেন ট্রাম্প; ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান ও ইসরায়েল-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
শরীরের ভেতরে প্রবেশ করা ক্ষতিকর প্লাস্টিকের সূক্ষ্ম কণা (মাইক্রোপ্লাস্টিক) নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। তবে দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা এক বিশেষ ‘রক্ত পরিশোধন’ চিকিৎসা বা আইভি থেরাপি রক্তে ভাসমান এই প্লাস্টিক কণা কমাতে সক্ষম বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শান্তি প্রক্রিয়ায় লেবানন ও হিজবুল্লাহর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান তার আঞ্চলিক মিত্রদের বাদ দিয়ে কোনও সমঝোতায় যেতে রাজি নয়। একই সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলছে। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঐতিহাসিক বন্ধের মুখে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত যেমন উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ভূগোলকে নতুন করে সাজাচ্ছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের মানচিত্রে ওমানের অবস্থানকে এক ধাক্কায় অনেক উঁচুতে তুলে ধরেছে। সমুদ্রপথের এই অচলাবস্থার কারণে এখন নতুন আঞ্চলিক বাণিজ্য করিডোর তৈরির বিষয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল মনিটর এ খবর জানিয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে এই মুহূর্তে কোনও ধরনের পাল্টা সামরিক আঘাত না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা যাতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাকে ভেস্তে না দেয়, সেজন্য কূটনীতির স্বার্থে ইসরায়েলকে আরও কিছু সময় দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং ফোনালাপের বিবরণ সম্পর্কে অবগত এক ইসরায়েলি সূত্র রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।
‘আজ এখানেই শেষ করা যাক। কারণ অনেক হয়েছে। ধন্যবাদ, ডার্লিং।’ ঠিক এই কথাগুলো বলেই এনবিসি নিউজের সঙ্গে চলা একটি উত্তপ্ত সাক্ষাৎকার মাঝপথেই বর্জন করে বেরিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এবং এর সপক্ষে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের বারবার প্রমাণ চাওয়ার জেরে তৈরি হওয়া তীব্র বাদানুবাদের পর ট্রাম্প এই নজিরবিহীন কাণ্ড ঘটান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর অবশেষে একে অপরের ওপর পাল্টা সামরিক আক্রমণ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল ও ইরান। সোমবার বিকালে একজন ইসরায়েলি কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর আগে মার্কিন সময় সোমবার সকালে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে, ইসরায়েল এবং ইরানকে অবিলম্বে একে অপরের দিকে ‘গুলি চালানো’ বন্ধ করতে হবে। ট্রাম্পের এই বার্তার পরপরই তেহরানও ঘোষণা করে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে নতুন করে হামলা না চালালে তারাও অস্ত্রবিরতি বজায় রাখবে।